বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস—পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) আলোচনা হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈঠকে তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হবে। উভয় দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেনগুলোর চলাচল পুনরায় শুরু হতে পারে।
এবারের বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হবে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে ট্রেনগুলো চালু করতে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ ক্ষেত্রে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মতামত প্রয়োজন হবে। বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আন্তঃদেশীয় ট্রেন চলাচলের বিষয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক পর্যায় থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
প্রতিবছর বাংলাদেশ ও ভারতে পালাক্রমে আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক ২০২৫ সালের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বসছে দুই দেশের রেল কর্তৃপক্ষ।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই বছরের ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ট্রেনগুলোর যাত্রীসেবা আর স্বাভাবিক হয়নি।
বর্তমানে মৈত্রী এক্সপ্রেসের রুট ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি। এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















