মোঃ আজমির হোসেন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে মুন্সিগঞ্জ বাজার এলাকায় জব্দ করা নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে আইন মেনে চলার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান।
মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এমন কার্যকর অভিযান অব্যাহত থাকলে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির পরিবেশ আরও সুরক্ষিত হবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















