ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ২০ দিন পর একটি বন্ধ ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) ও তার কিশোরী মেয়ে ফাতেমা (১৪)। তারা গত বছরের ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
দুর্গন্ধে রহস্যের সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে এলাকাবাসী নিশ্চিত হন যে, নিখোঁজ ফাতেমার গৃহশিক্ষিকা মীমের ভাড়া বাসা থেকেই গন্ধটি আসছে। এ সময় ফ্ল্যাটের ভেতরে লোকজন উপস্থিত থাকলেও তারা দরজা খুলতে অস্বীকৃতি জানালে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। পরে তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের নিচ থেকে রোকেয়া রহমানের এবং বাথরুমের ফলস ছাদের ওপর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশের বক্তব্য
নিহতদের পরিবার জানায়, মা-মেয়ে নিখোঁজ হওয়ার পরদিন ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরিবারের অভিযোগ, শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। নিখোঁজের পর থেকেই গৃহশিক্ষিকা মীমের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল পরিবার।
আটক ও তদন্ত
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটকরা হলেন— গৃহশিক্ষিকা মীম, তার স্বামী হুমায়ুন, বড় বোন নুরজাহান এবং ফাতেমার বান্ধবী মাহী।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না— সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















