কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। এসময় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই র্যাব-১০ দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, ২টি বিদেশি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাছির পিয়াদার বিরুদ্ধে পিরোজপুর ও চট্টগ্রামে দুটি মামলা, রোমান শেখের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা এবং মামুনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ১৫-১৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৩, তারিখ: ১৫ এপ্রিল ২০২৬, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০)।
এছাড়া পৃথক অভিযানে ঢাকার কদমতলী এলাকায় অস্ত্রসহ দুইজন এবং পাবনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাবের বিভিন্ন ইউনিট।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, “র্যাব সব ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা কাজ করে যাচ্ছে।”
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















