মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। এর আগে বিকাল ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ছিলেন।
এর পূর্বে একই দিন বিকাল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়ক জনসমুদ্রে পরিণত হয়।
ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপুল জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে দেখা যায়।
জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দলে দলে স্মৃতিসৌধ এলাকায় এসে জমায়েত হতে শুরু করেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















