বিশেষ প্রতিনিধি
ঢাকার সাভারে নেশা করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে নিজ সন্তান ১৫ বছর বয়সী জিসানের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা মহিন মিয়া (৩৮)।
সোমবার ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মহিন মিয়া পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে নেশা করা ও নেশার টাকা সংক্রান্ত বিষয়টি নিয়ে জিসানের সাথে তার বাবা মহিন মিয়ার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে জিসান তার বাবার ওপর চড়াও হয়। সে বাবাকে বেধড়ক পেটাতে থাকে এবং একপর্যায়ে অণ্ডকোষে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই বাবা মহিন মিয়ার মৃত্যু হয়।
ঘটনার পর আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর সাভার মডেল থানা পুলিশ নিহতের ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে জিসানকে পুলিশ আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিক অনুসন্ধানে নেশা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এসেছে। ঘটনার সাথে জড়িত ছেলেকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















