আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ-৮১) যোগ দিতে প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তার।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে তার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরসূচি এবং বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন। সফরটি মোটামুটি ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে জানা গেছে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে যোগ দিতে পারেন তিনি।
এদিকে দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতিও চলছে।
উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর চলতি বছরের জুনে মালয়েশিয়া ও চীন সফর করেন তিনি। এরপর বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে আপাতত অন্য কোনো দেশ সফর না করার সিদ্ধান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















