সাতক্ষীর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম এবং তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৫ মে রাতে শ্যামনগর থানায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘আর-রাদ করপোরেশন’-এর আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন হাজী মো. নজরুল ইসলাম ও তার সহযোগী। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তারা সাতক্ষীরার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন জানান।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সিরাজুল ইসলাম, আইনজীবী শেখ আবদুল খালেক ও অ্যাডভোকেট নির্মল জোয়াদ্দার। তারা যুক্তিতে উল্লেখ করেন, আসামিরা সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত করা ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে যুক্ত। তারা জামিনে মুক্ত থাকলে সরকারি কাজ পুনরায় বিঘ্নিত হতে পারে। অন্যদিকে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী আবু বক্কর ও সৈয়দ ইফতেখার আলী।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে বিচারিক হেফাজতে পাঠানোর আদেশ দেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















