নিজস্ব প্রতিবেদক
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ইতিহাসের এই দিনটি বাঙালি জাতির জীবনে এক গভীর বেদনা ও শোকের দিন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি কলঙ্কময় অধ্যায়।
স্বাধীন বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস এবং নবজাত রাষ্ট্রকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করেই এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই বুদ্ধিজীবী হত্যার ঘটনা ঘটলেও বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ ধারণ করে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসর আল-বদরের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়।
অপহৃত বুদ্ধিজীবীদের নির্মম নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুরে হত্যা করা হয়। এই দুটি স্থান বর্তমানে বধ্যভূমি হিসেবে সংরক্ষিত রয়েছে। এছাড়া মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত তাদের ঘাঁটিতে আটক রেখে অমানুষিক নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— অধ্যাপক মুনির চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জি. সি. দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এস এ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরও অনেক গুণীজন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের স্মরণ করে এবং তাঁদের আত্মত্যাগের আদর্শে দেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















