আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে রাজনৈতিক আলোচনা নতুন মোড় নিয়েছে।
এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনার আগেই দল থেকে সম্মানজনকভাবে পদত্যাগ করবেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় জোটগত সমঝোতার কারণে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট থাকায় দল ওই আসনটি ছেড়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সম্ভাব্য সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল কী পদক্ষেপ নেবে তা তাদের নিজস্ব এখতিয়ার। তবে তিনি স্পষ্ট করেন, দলীয় মনোনয়নপত্র কেনার আগেই তিনি বিএনপি থেকে সরে দাঁড়াবেন।
রুমিন ফারহানা আরও জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। প্রতীক নির্বাচন পরবর্তী সময়ে চূড়ান্ত হবে বলে তিনি জানান। স্থানীয় ভোটারদের সমর্থন ও ভালোবাসার ওপর তিনি আস্থা রাখেন বলেও উল্লেখ করেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















