বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখা হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টির আইনগত ভিত্তি ও প্রক্রিয়াগত দিক সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ প্রেক্ষাপটে আইপিএল সম্প্রচার বন্ধের একটি প্রস্তাব উত্থাপিত হলে তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাধারণত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করে। কিন্তু বর্তমান ঘটনায় সেই ধারার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।
তিনি বলেন, কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার আশ্বাস দেওয়ার পর রাজনৈতিক বিবেচনায় তাকে বাদ দেওয়া হলে তা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং দেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত হানে। বিষয়টি গণমাধ্যমে আসায় স্বাভাবিকভাবেই জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রিজওয়ানা হাসান আরও জানান, এমন পরিস্থিতিতে সরকারের নীরব থাকার সুযোগ নেই। সে কারণেই আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবটি আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য এবং কীভাবে বাস্তবায়ন করা যায়—তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, “একজন খেলোয়াড়কে কোন যুক্তিতে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। ফলে সরকারকে এ বিষয়ে একটি অবস্থান নিতে হচ্ছে।”
সবকিছু বিবেচনায় নিয়ে সরকার আইপিএল সম্প্রচার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তবে আপাতত বিষয়টি গুরুত্বসহকারে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯















