আজ বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে সারাদেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছেন।
জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে। সকালে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। আগামীকাল তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ছিল ঐতিহাসিক। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার বিদ্রোহের ঘোষণা মুক্তিকামী বাঙালিকে ঐক্যবদ্ধ করে। যুদ্ধক্ষেত্রে ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে তিনি অর্জন করেন ‘বীর উত্তম’ খেতাব।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর তিনি রাষ্ট্রক্ষমতায় এসে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে পুনঃপ্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে ১৯ দফা কর্মসূচি গ্রহণ করেন। কৃষি, শিল্প, রপ্তানি ও প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণে তার উদ্যোগ আজও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে তিনি শাহাদাৎ বরণ করেন। আজও তার আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯















