ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়াই ক্ষতিকর সার উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানার মালিক মো. জামালকে আটক করে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো ধরনের অনুমোদন ছাড়াই টিএসপি, ডিএপি’সহ বিভিন্ন ধরনের সার যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ না করে উৎপাদন এবং দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছিল।
অভিযোগ রয়েছে, বাজারে প্রতি বস্তা সার প্রায় ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হলেও ওই কারখানায় উৎপাদিত সার ৪৫০ টাকা দরে বিক্রি করা হতো। এতে কৃষক ও মৎস্যজীবীদের প্রতারিত করার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল।
অভিযানকালে কারখানার মালিক মো. জামালকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলা কৃষি অফিসারের পক্ষ থেকে প্রসিকিউশন দাখিল করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা সার (ব্যবস্থাপনা) সংশোধন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ছাড়া অবৈধ কারখানা ও সেখানে থাকা মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানটি পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা, ঢাকার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















