আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টানা ছুটিকে ঘিরে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগাতে অনেকেই আগেভাগেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টানা ছুটিকে কেন্দ্র করে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ বেড়ে যায়। অফিস, আদালত ও কলকারখানা ছুটি হওয়ার পরপরই বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক কাউন্টারে টিকিট সংগ্রহে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
যাত্রী চাপ সামাল দিতে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বাস চলাচল করলেও বিভিন্ন স্থানে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহন না পেয়ে কেউ কেউ ট্রাক কিংবা পিকআপে করেও যাত্রা করছেন। এদিকে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর আগে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এর মধ্যে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ছুটি থাকায়, এটি শিক্ষাবর্ষের প্রথম দীর্ঘ ছুটিতে পরিণত হয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















